অ্যাপল’র ইটস গ্লো টাইমের চমক
অ্যাপল ঘড়ির ১০ম সিরিজের শক্তিমত্তা ও নৈপুণ্য তুলে ধরে শুরু হলো অ্যাপল’র বার্ষিক আয়োজন ইটস গ্লোটাইম। একটি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে বাংলাদেশ সময় অ্যাপল’র হাল নাগাদ পণ্যের মোড়ক উন্মোচনের আয়োজন শুরু হয় সোমবার রাত ১১টায়।
এরপরই পর্দায় রঙধনুর বিশেষ নকশার পটভূমিতে হাজির হন অ্যাপল ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। ঠোটের কোনে উচ্ছ্বাসের হাসি ছড়িয়ে শুভ সকাল জানান তিনি। সম্ভাষণের পরই জানিয়ে দেন অবমুক্তির পণ্যসারিতে থাকছে অ্যাপল ওয়াচ, এয়ারপডস এবং আইফোন ও জীবনকে বর্ণিল করার মতো পণ্য নিয়ে। প্রো সহ আইফোনের ১৬তম, এয়ারপডে’র ৪র্থ সংস্করণ উন্মোচনের কথা জানিয়ে দেন তিনি।
স্বাগত বক্তব্যে রঙ ও নকশায় মন মাতানোর পাশাপাশি টেকসই হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে প্রতিটি পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ার কথা উল্লেখ করেন কুক। অ্যাপল ওয়াচের প্রসঙ্গের অবতারণা করে অ্যাপল ওয়াচ সিরিজ ১০–এর আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
এরপর পর্দায় দৃশ্যমান হন অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জেফ উইলিয়ামস। অ্যাপল ঘড়িতে প্রথম বারের মতো সবচেয়ে বড় পর্দার কথা তুলে ধরার পাশাপাশি টাইটেনিয়াম ব্যবহারে নির্মিত ওয়াইড অ্যাঙ্গেল ও এলইডি ডিসপ্লের এই ঘড়ির গাঠনিক বর্ণনা দেন তিনি। জানান, আগের চেয়ে মাপে ৩০ শতাংশ বড় এই ঘড়িতে আগের চেয়ে আরো বেশিসংখ্যক ই–মেইল বা মেসেজ দেখতে পারবেন ব্যবহারকারীরা।
এ পর্যায়ে অ্যাপলের স্বাস্থ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড. সুম্বুল আহমাদ দেশাই ঘড়িটি কীভাবে ওষুধ সেবন, অতিরিক্ত শব্দে কানের ক্ষতি, শ্বাস-প্রশ্বাস-এ ব্যাঘাতের বিষয়টি খেয়াল রাখবে সেই গল্প তুলে ধরেন। বললেন, আজকের দিনে নিত্য ব্যঘাত ঘটা ঘুমের দিকেও নজর রাখবে ঘড়িটি। স্লিপ অ্যাপনিয়া-থেকে মুক্তি দেবে। প্রতি ৩০ দিন পর ডাটা বিশ্লেষণ করে জানিয়ে দেবে ভার্চুয়াল চিকিৎসককে। যুক্তরাজ্য ও জাপানসহ ১৫০টির বেশি দেশে এই সেবাটি মিলবে।
তার পর ঘড়িটির ফিটনেস প্রযুক্তির বিষয় তুলে ধরেন এই বিভাগের পরিচালক জুলজ আর্নি। মিনিট ২০ ধরে পণ্যের গুণ-মান ও ব্যবহারের বিষয় তুলে ধরার পর পণ্য বিপনন বিভাগের ভিপি স্ট্যান এনজি জানিয়ে দেন ঘড়িটি বাজারে আসবে আগামী ২০ সেপ্টেম্বর। আল্ট্রা ২ এর দাম শুরু হবে ৭০০ ডলার থেকে।
এরপর এয়ারপডে’র ৪র্থ সংস্করণ নিয়ে হাজির হন জেফ উইলিয়ামস। এয়ার বাডটির আদ্যোপান্ত তুলে ধরেন অ্যাপল’র হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের ভিপি ক্যাটে বারজেরন। জানালেন, ভিন্ন ভেরিয়েন্টে এয়ার পড ৪ এর দাম ধরা হয়েছে ১২৯ থেকে ১৭৯ ডলার।
পর্যাক্রমে আইফোন ১৬ নিয়ে পর্দায় হাজির হন প্রোডাক্ট মার্কেটিং বিভাগের ভিপি কাইয়ান ড্রান্স। জানান, ৬.১ ও ৬.৭ ইঞ্চি আকারে মিলবে ফোনটি। সাইড বাটনকে অনুবাদ, ভয়েস মেমো ও গানের জন্য কাস্টমাইজ করা যাবে। সিলিকন ইঞ্জিনিয়ারিং গ্রুপ ভিপি শ্রীবালান সান্থানাম জানিয়েছে, নতুন আইফোনটিতে ১৬ কোরের নিউরাল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি মেশন লার্নিং থেকে দ্বিগুণ দ্রুত কাজ করে। সফটওয়ার প্রকৌশলী বিভাগের এসভিপি ক্রেইগ ফ্রেডারিঘি বললেন, অ্যাপল ইন্টিলিজেন্স এর মাধ্যমে ফোনের কন্ট্যাক্ট, ছবি, মেসেজ, মেমো ইত্যাদি ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দেবে। এর কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি মেসজ লেখার সময় টাইপ করেই নিজের মতো ইমোজি তৈরি করে দেবে। মেইল বক্সে জমা হওয়া বার্তার সারসংক্ষপ করে নোটিফিকেশনে দেখাবে। বর্ণনায় আইফোনের প্রোডাক্ট ম্যানেজার পীযুষ প্রতীক আইফোনের ক্যামেরার দুর্দান্ত ফিচারের কথা তুলে ধরেছেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানের শেষ ভাবে প্রো মডেল নিয়ে ফের হাজির হন অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জেফ উইলিয়ামস। এসময় প্রো মডেলে আইফোনের ওপর দারুণ একটি ভিডিও তুলে ধরা হয়। বৈশ্বিক মার্কেটিং বিভাগের এসভিপি গ্রেগ জজ জসুয়াক এর নকশা ও উদ্ধাবন বিষয়ে ধারণা দেন।







